সাজ্জাদ হোসেন রাকিবঃ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিন তারাকুছা গ্রামের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মফিজুর রহমান মফিজ মেম্বারের বাড়ির সামনের রাস্তাটি দীর্ঘ কয়েক মাস আগে বর্ষার পানিতে রাস্তাটির একপাশ ক্ষতিগ্রস্ত হয়। এ রাস্তায় প্রতি দিন সাইকেল, মোটরসাইকেল, অটো রিকশা, সিএনজি, পিকআফ, ট্রাক্টার, মাইক্রোবাস ইত্যাদি যানবাহন চলাচল করে। প্রায় পাঁচশত মানুষ যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তাটি।
স্থানীয় সূত্রে জানা যায়,গত বর্ষার মৌসুমে দক্ষিণ তারা কুছা গ্রামের বাসিন্দা মোস্তফার পুকুরের পানির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং পুকুরের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় অতিরিক্ত পানির চাপে রাস্তাটি ভেঙে যায়।পরবর্তীতে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি কোনো রকমের ব্যবস্থা গ্রহণ নেয়নি।
স্থানীয় এলাকাবাসীর অনুরোধ সরকারি হোক বা কারো ব্যক্তিগত অনুদানে হোক এ রাস্তাটি বর্ষা মৌসুমের আগেই যেন মেরামত করে দেওয়া হয়। তারা বলেন ‘আমরা সকলের সাহায্য কামনা করি। যদি রাস্তাটি মেরামত করে দেওয়া হয় তাহলে আমরা অনেক উপকৃত হবো।’
এই বিষয়ে আমজদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর হোসেন মীরু বলেন, আমি এ বিষয়ে অনেক আগেই অবগত হয়েছি কিন্তু আমাদের পরিষদে সরকারের পক্ষ থেকে এই সকল কাজের জন্য কোনো প্রকার বরাদ্দ নেই।
উল্লেখ্য, গত বর্ষার মৌসুমে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ফুলগাজী নিউজ ডটকম এ সংবাদ প্রকাশ করা হয় কিন্তু বছর পার হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন কিংবা জনপ্রতিনিধি।






