নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর কারনে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে ফুলগাজীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সভা করেছে ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহিদী জনতা।
৭ই নভেম্বর শনিবার বিকালে ফুলগাজীর উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে যুব উন্নয়ন প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেয় নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ।

সভায় বক্তব্য রাখেন, ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ সাদেক, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, মুফতি রহিম উল্লাহ, ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসা শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি জুবায়ের, মাওলানা আব্দুল মতিন, মাওলানা তাজুল ইসলাম, নুরপুর মহিউস সুন্নাহ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি আব্দুর রহমান গিলমান, ইশাতুল ইসলাম মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হোসাইন, ফুলগাজী স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সভা শেষে দোয়া মোনাজাত করেন ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ সাদেক।
সভায় বক্তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন। এছাড়া ফ্রান্সের পণ্য বর্জনের দাবি জানানো হয়।
স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বাক-স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে গিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক স্যামুয়েল প্যাটি হজরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন করেন। এ ঘটনার পর গত ১৬ অক্টোবর ১৮ বছর বয়সী এক চেচেন কিশোর স্যামুয়েলকে শিরশ্ছেদ করে হত্যা করেন।






