আগামী বছরের এএফসি ও সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সারাদেশ থেকে প্রতিভা অন্বেষণের কাজ শুরু করেছে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
শনিবার মোট ৯টি স্থানে প্রতিভা বাছাই কার্যক্রম শুরু হয়েছে। অন্য ৮ জেলা হচ্ছে- গোপালগঞ্জ, বান্দরবান, খুলনা, সুনামগঞ্জ, রাজশাহী, রংপুর, বরিশাল ও শেরপুর। সোমবার কার্যক্রম শুরু হবে শরীয়তপুর, লক্ষ্মীপুর, বাগেরহাট, সিলেট, নওগাঁ, নীলফামারী, ভোলা ও জামালপুর জেলায়।
প্রতিভা অন্বেষণ কার্যক্রম উদ্বোধনের পর বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের এই কার্যক্রম চলতেই থাকবে- ফেস বাই ফেস। ডেভেলপমেন্ট কমিটি এমনভাবে তাদের প্রোগ্রামগুলো ঠিক করেছে যাতে আগামী ৩/৪ বছর এগুলো চলতেই থাকে। বিশেষ করে যতদিন আমাদের টার্ম আছে আশা করি এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি চলতেই থাকবে।’
বাফুফে সভাপতি বলেছেন, ‘কার্যক্রম অব্যহত থাকলে আমরা আজকে যে খেলোয়াড়কে মিস করবো তাকে যেন পরের মাসে নিতে পারি। আমি দেখলাম ছেলেদের আগ্রহ আছে খেলা শেখার। এর বেশি মন্তব্য করা ঠিক হবে না। কারণ, মন্তব্য করার সময় এখনো হয়নি। আরো ১০-১৫ দিন পর বোঝা যাবে এই ছেলেদের মধ্যে থেকে কেমন প্রতিভা পাওয়া যাবে। যাদের পাওয়া যাবে তাদের নিয়ে দীর্ঘমেয়াদী ট্রেনিংয়ে যাবো আমরা।’
