বিশেষ প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম. আজহারুল হক আরজু ও সাবেক পৌরসভা কাউন্সিলর সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরজুকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে ও সাখাওয়াতকে রবিবার জেল-হাজতে পাঠানো হয়। তারা দুইজন জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও যুগ্ম-আহবায়ক। এছাড়া আরজু জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বি.কম এর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্ধীতা করে হেরে যান। ভোটগ্রহণ শেষে ফল ঘোষনার পর তাকে ধর্মপুর থেকে গ্রেফতার করা হয়।
১৯৯৬ইং থেকে ২০০১ইং সালে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে তৎকালীন সংসদ সদস্য জয়নাল হাজারীর তথাকথিত ক্লাস কমিটির ক্যাপ্টেন ছিলেন আরজু ও সাখাওয়াত। একসময়ে জেলার আওয়ামী রাজনীতির প্রভাবশালী এ জুটি বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরোধী হিসেবে পরিচিত। বিগত ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় আরজুকে জেলা আওয়ামীলীগের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।
অপরদিকে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে হাইকোর্টে আলোচিত রিট মামলার বাদী সাখাওয়াত। নিজ দলীয় নেতাকর্মীদের তোপের মুখে বেশ কিছুদিন ধরে আত্মগোপনে থাকলেও ৩০ মার্চ উপজেলা নির্বাচনের আগের দিন বাড়ি এলে তাকে দলীয় নেতাকর্মীরা মারধর করে পুলিশে সোপর্দ করেন।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত
আরজুর বিরুদ্ধে ৫ ও সাখাওয়াতের বিরুদ্ধে ২ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।






