ইকবাল হোসেন সাব্বিরঃ-
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেনী পলিটেকনিকের শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম জুয়েল রায় (২৩)। সে মিরসরাই সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীপুর এলাকার প্রদীপ রায়ের ছেলে।
মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন বলেন, জুয়েল মঙ্গলবার সকালে মিঠাছরা থেকে ফেনীতে পরীক্ষার প্রবেশ পত্র নেয়ার জন্য কলেজে যাচ্ছিলো। ভূলবশত তার পরিচয়পত্র বাড়িতে রেখে গেছে। পথিমধ্যে সোনাপাহাড় এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী লাইনে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হোসেন। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।






