ঢাকা অফিস : সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি নির্বাচনে আসবে না এমনটি মাথায় রেখে আপাতত তারা তালিকা করছেন।
বিএনপি নির্বাচনে না এলে ১৪ দলীয় জোটের শরিকরা স্বতন্ত্র দল হিসেবেই নির্বাচনে অংশ নেবে সেটা নিশ্চিত। আর বিএনপি বা ২০ দলীয় জোট নির্বাচনে এলে বেশ কিছু আসনেই দলীয় মনোনয়নে আসবে রদবদল। সেক্ষেত্রে শরিকদের জন্য আসন ছাড়ের প্রশ্নও থাকবে।
আওয়ামী লীগ সূত্র জানায়, সরকারি-বেসরকারি একাধিক জরিপের মাধ্যমে প্রার্থী হিসেবে ১৭৪ আসনে নাম চূড়ান্ত করা হয়েছে। বিএনপি অংশ নিলে অর্থাৎ নির্বাচন প্রতিযোগিতামূলক হলে এরাই মনোনয়ন পাবেন। অন্য আসনগুলোতে শরিকদের জন্য বোঝাপড়ার ভিত্তিতে ৭৩টি পর্যন্ত আসন ছাড়া হতে পারে। কিন্তু বিএনপি নির্বাচন থেকে বিরত থাকলে এসব আসনেও প্রার্থী পরিবর্তন হতে পারে। আর জোট শরিকদের বেলায় আসবে প্রতিযোগিতা করে জয়ী হওয়ার হিসাব।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী নির্বাচনের জন্য আসনভিত্তিক বেশ কয়েকটি জরিপ করা হয়। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বেসরকারি গবেষণা সংস্থা, দলের গবেষণা সংস্থা সিআরআই এসব জরিপ করে। এছাড়া ছাত্রলীগের একটি জরিপও প্রক্রিয়াধীন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরেও মনোনয়ন নিয়ে কাজ করছেন।
মনোনয়ন চূড়ান্তের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ যুগান্তরকে বলেন, বিভিন্ন জরিপের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হচ্ছে। বেশ কিছু আসনে প্রার্থী চূড়ান্ত। অন্যগুলোতেও চূড়ান্তকরণের কাজ চলছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে ফেনী-২ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর তালিকায় নিজাম উদ্দিন হাজারী নাম রয়েছে।
– যুগান্তর






