ফেনীর ৩টি হাসপাতালে আইন ভঙ্গের দায়ে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার ও রবিবার পৃথক অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতাছেম বিল্লাহ ও এনএম আবদুল্লাহ আল মামুন এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত জানায়, ফেনীতে বেশ কিছু হাসপাতালে প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে। কোথায়ও কোথায়ও নেই প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা উপকরণ। এমন অভিযোগের ভিত্তিতে রবিবার ফেনী ট্রাংক রোডস্ত রয়েল হাসপাতালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আবদুল্লাহ আল মামুন। এসময় ১০ শয্যার অনুমোদন নিয়ে ২৫ শর্যা চালুকরণ, নিম্নমানের অপারেশন থিয়েটার ও প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে অতিরিক্ত রোগী শয্যা সিলগালা করা হয়। এছাড়াও ফেনী জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডে একই ধরনের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ডাক্তার হায়দার ক্লিনিকে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতাছেম বিল্লাহ। এসময় অতিরিক্ত শয্যা বৃদ্ধি, অনুমোদন ছাড়া থেরাপী ও ডায়ালাইসিস ইউনিট চালুর দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।






