নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে রেলওয়ে স্টেশনের পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে নির্মিত হতে যাচ্ছে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বিজয়পুরে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গণকবর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল কাদের সমীর, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুস সালাম ভূঁইয়া, ফুলগাজী শিল্পকলা একাডেমীর সদস্য প্রবীণ চারুশিল্পী সুনীল দাস, ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সায়েম, এলাকার তরুণ সমাজ সেবক ঠিকাদার মোঃ বাবুল প্রমূখ।
উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম সোহেল ফুলগাজী নিউজ ডটকম’কে জানান, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান বিজয়পুর অবস্থিত ফুলগাজী রেলওয়ে স্টেশনের পাশে মুক্তিযুদ্ধাদের গণকবর পরিদর্শন করেছি এবং সেখানে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ করার পরিকল্পনা হাতে নিয়েছি। প্রবীণ চারুশিল্পী সুনীল দাস’র প্রণীত নকশায় নির্মিত হবে এই স্মৃতিস্তম্ভ।

©ছবি : জহিরুল ইসলাম জাহাঙ্গীর
উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদার জানান, মুক্তিযোদ্ধাদের সম্মান ও স্মৃতি রক্ষার্থে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। আগামী কাল থেকে কাজ শুরু হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই স্মৃতি স্তম্ভে মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ’র উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, স্বাধীনতাযুদ্ধে তৎকালীন পাক মেজর আকবরের নেতৃত্বে এই এলাকায় অসংখ্য বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে ধরে এনে তাদেরকে হত্যা করে এই স্থানে। তাঁদের শ্রদ্ধা, সম্মান ও স্মৃতিতে নির্মিত হচ্ছে শহীদ বীর মুক্তিযোদ্ধা গণকবরে এই “বধ্যভূমি স্মৃতিস্তম্ভ”।






