নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ।
২৬ সেপ্টেম্বর রবিবার এএসআই মোঃ নুর নবী, এএসআই আলী আজগর ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার গ্রেপ্তার হলেও দুদিন পরে আবার প্রকাশ্যে ঘুরাফেরা করেন। অবাধে চালাচ্ছেন মাদক ব্যবসা। স্থানীয়রা বলছেন তার বাড়ি দক্ষিণ ধর্মপুর হলেও মাদক ব্যবসার সুবিধার্থে সে থাকে উত্তর তারাকুচার সীমান্ত এলাকার নতুন পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ফুলগাজী থানা পুলিশের উদ্যোগে আমজাদহাট বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভায় সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় মাদকসম্রাট আনোয়ার হোসেনের মাদক ব্যবসায়ের সম্পৃক্ততার সকল তথ্য এলাকাবাসী পুলিশকে জানায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইঅংপ্রু মারমা। এছাড়াও ফুলগাজী থানার সাবেক ওসি এএনএম নুরুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্য ও বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে ফুলগাজী থানায় ৩টি মাদক মামলা ও ১টি মারামারির মামলা রয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।






