মোর্শেদঃ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নস্থ উত্তর ধর্মপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সহোদরের বসত বাড়ির ৩ টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আবদুল হক মেম্বার বাড়ির জালাল ও আনোয়ার নামে দুই সহোদরের ঘরে আগুনের এই ঘটনা ঘটে।
© ফাইল ছবি।
খবর পেয়ে ফুলগাজী ও ছাগলনাইয়া ফায়ারসার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছুলেও ততক্ষণে জালাল ও আনোয়ারের ১ টি সেমি পাকা বসতঘর ও ২ টি রান্নাঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শীতের শুরুতেই নিঃস্ব পরিবারদুটো খোলা আকাশের নীচে ঠাঁই নিয়েছে।
ফুলগাজী ফায়ার সার্ভিসের লিডার আবদুস সবুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। তবে কেউ হতাহত হয়নি।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করা সম্ভব হয়নি। মধ্যবিত্ত এই পরিবার দুটোর ফ্রিজ, আলমারি, কাপড়-চোপড় সহ প্রয়োজনীয় সব কিছু পুড়ে গেছে। কিছুই উদ্ধার করা সম্ভব হয় নি। শুধুমাত্র পবিত্র কুরআন শরীফ অক্ষত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে ফুলগাজী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, কম্বল সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।






