ফেনীর ফুলগাজীতে ভাড়া বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রঞ্জন দেব নাথ (৩৬)। তিনি ফুলগাজী সদর বাজারে ডাচ্ বাংলা ব্যাংক বুথের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যায় ফুলগাজী সদর বাজারের একটি ভাড়া বাসা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
ফুলগাজী বাজার ডাচ্ বাংলা ব্যাংক বুথের অফিস সহায়ক ভুবন চন্দ্র দাস (৪৮) জানান, গত বুধবার (১৯ আগষ্ট) তিনি জ্বর ও ডায়রিয়া রোগে ভুগছিলেন। দুপুরে অসুস্থ অবস্থায় তিনি বাসায় চলে যান। বৃহস্পতিবার (২০ আগষ্ট) তাঁর ডিউটি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত থাকলেও তিনি অফিসে আসেননি। ভুবন চন্দ্র দাস আরো জানান, তিনি অফিসে না আসায় তাঁর (রঞ্জন দেব নাথ) মুঠোফোনে বার বার ফোন করা হয়। একপর্যায়ে তিনি ফোন না ধরায় দুপুর একটার দিকে তাঁর ভাড়া বাসায় গিয়ে তাকে ডাকা হয়। এতে কোন সাড়াশব্দ না পেয়ে বিকেলে চারটার দিকে আবারও তাঁর কক্ষের দরজা ধাক্কানো হয় এবং তাকে ডাকাডাকি করা হয়। এতেও তাঁর কোন সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিক সুমন মিয়াকে জানানো হয়।
খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে শোভার কক্ষে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। নিহত রঞ্জন দেব নাথ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ওড়ল গ্রামের মৃত রাজকুমার দেব নাথের ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
©SU






