নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজী যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ই আগস্ট সকালে ফুলগাজী বাজারস্থ বঙ্গবন্ধু কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে দোয়া মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে উপজেলার অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাঙ্গালি ভোজ উপলক্ষে দুটি গরু জবাই করা হয়। একটি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং অন্যটি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার ফুলগাজী নিউজ ডটকম’কে জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণসহ পুরো উপজেলার সকল অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাঙালী ভোজের আয়োজন করেছি। দুটি গরু জবাই করে ফুলগাজী উপজেলা সদরসহ সকল ইউনিয়নে খাবার পৌঁছে দেয়া হয়েছে। ইউনিয়ন নেতা কর্মীরা এসব বণ্টন করছেন।






