নিজস্ব প্রতিবেদক: ফেনীর ফুলগাজী উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার আবু বক্কর সিদ্দিক ওরফে সোহাগকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ জানায়, শনিবার (৪ জানুয়ারি) সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বিদ্যালয় যাওয়ার পথে সোহাগ ওই স্কুলছাত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে সোহাগ পলাতক ছিলেন। পরে স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেন।
রবিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, সোহাগ ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন ফুলগাজী নিউজ ডটকম’কে বলেন, দুপুরে সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোহাগ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত মনির আহম্মদ ভুঞার ছেলে।
আদালতের পুলিশ পরিদর্শক গোলাম জিলানী ফুলগাজী নিউজ ডটকম’কে বলেন, আসামির ১৬৪ ধারা জবানবন্দির জন্য আবেদন করেছে ফুলগাজী থানা পুলিশ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুবজোতি পালের আদালতে আসামির ১৬৪ গ্রহণের কথা রয়েছে।






