নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সামছুল হক প্রকাশ শহীদ ওরফে মামা শহিদ (৪৫) কে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী সরকারী কলেজের পিছনে পাকা রাস্তার উপর ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সামছুল হক প্রকাশ শহীদ ওরফে মামা শহিদ ফুলগাজী সদরের দক্ষিণ শ্রীপুর গ্রামের ভূইয়া বাড়ির মৃত ছকু মিয়া ও মৃত নুরুনেহার বেগম’র ছেলে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মামা শহিদ’কে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও পূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ সময় তিনি আরো বলেন, যতদিন ফুলগাজী থানার দায়িত্বে আছি ততদিন ফুলগাজী থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ী জায়গা হবে না।






