নিজস্ব প্রতিবেদক : ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ফেনীর সাথে তাল মিলিয়ে ফেনীর পরশুরামে ২০ রমজান পর্যন্ত শপিং মল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরশুরাম ব্যবসায়িক সমিতি।
১০ মে সকালে পরশুরাম পৌর মেয়র কার্যালয় ব্যবসায়ী সমিতির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় পরশুরাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক জানান, ২০ রমজান পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া অন্যান্য সকল প্রকার দোকান বন্ধ থাকবে। ২০ রমজানের পরে নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় অন্যান্য দোকান খোলা থাকবে এবং বিকাল পাঁচটা থেকে শপিংমল ও কাপড় দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল জানান, করোনা প্রতিরোধ জেলার সাথে একমত হয়ে পরশুরামেও ২০ রমজান পর্যন্ত শপিংমল ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ফেনী ফুলগাজী ছাগলনাইয়া পরশুরামের প্রত্যন্ত অঞ্চল থেকে বাজারে আগত সিএনজি-অটোরিকশা বাজারের বাইরে অবস্থান করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।






