দাগনভূঞা প্রতিনিধি : ফেনীর দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাট বাজারে সোমবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পাঁচটি মার্কেটের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে দোকানঘরসহ অন্তত এক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেন। আগুন নিভানো চেষ্টা কালে তিন ব্যবসায়ী ঝলসে যায়। তারা হলেন আবদুর রহমান, জসিম উদ্দন ও আলী আকবর। তাদের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও দুইজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় জানায়, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে একটি বন্ধ দোকান থেকে অগ্নিকান্ডের সুচনা হয়। অতি অল্প সময়ের মধ্যে রহমান মার্কেট, রুয়ানা মার্কেট, আবদুস সালাম মার্কেট, ইউছুপ মার্কেট ও মোহন মার্কেটের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফেনী থেকে দমকল বাহিনী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
স্থানীয় সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী দোকানীদের উদ্ধৃতি দিয়ে জানান, আগুনের ঘটনা দোকানঘর সহ অন্তত এক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
ফেনী দমকল বাহিনীর ষ্টেশান মাষ্টার রাশেদ বিন খালিদ জানান, একটি বন্ধ দোকান ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব নিরুপন করা হয়নি।






