নিজস্ব প্রতিবেদক: ফেনীতে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজনের বাড়ি ফেনী সদর, একজনের বাড়ি দাগনভূঞা ও অপরজনের বাড়ী ফুলগাজী উপজেলায়। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১৯ জন।
জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৭ মে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। এর আগে আক্রান্ত নারী জনপ্রতিনিধির সংস্পর্শে এসেছেন মনে করেই নমুনা সংগ্রহ করা হয়।
সূত্র আরো জানায়, ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দঃ বরইয়া গ্রামে আক্রান্ত কিশোরীর সংস্পর্শে আসা অপর এক নারীর নমুনা সংগ্রহ করা হয়। গত রাতে বিআইটিআইডি থেকে প্রেরিত প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। অন্যদিকে প্রথম আক্রান্ত হওয়া কিশোরীর দ্বিতীয়বার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত মোট ১৯ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৯ জন, দাগনভূঞা উপজেলায় ৫ জন, ফুলগাজী উপজেলায় ২ জন, ছাগলনাইয়া উপজেলায় ২ জন, সোনাগাজী উপজেলায় ১ জন। ৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন। জেলায় মঙ্গলবার ৫২ জনসহ গত ৪৩ দিনে এ পর্যন্ত ৮শ ২২ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ৪শ ৯৮ জনের নমুনা প্রতিবেদন আসে।






