বিশেষ প্রতিনিধিঃ- এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরও ফেনী নদীর তীরবর্তী ছাগলনাইয়া উপজেলার জয়চাঁদপুর, সোনাপুর ও চম্পকনগর এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে অনেক শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে। অপেক্ষাকৃত অনুন্নত এ এলাকার অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের মাধ্যমিক শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির জন্য সরকার, জনপ্রতিনিধি ও বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ফেনী নদীর তীরবর্তী ও ভারত সীমান্তবর্তী ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর, সোনাপুর ও চম্পকনগর গ্রামে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। এলাকায় একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করার পর ছাত্রছাত্রীদের ৪-৫ কিলোমিটার দূরে দক্ষিণ বল্লভপুর স্কুলে ভর্তি হতে হয়। প্রতিদিন এতটা পথ পাড়ি দিয়ে সন্তানদের স্কুলে পাঠাতে চায় না অনেকেই। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি উঠতি বয়সের ছেলেমেয়েদেরকে এত দূরে পাঠিয়ে খোঁজখবর রাখা অভিভাবকদের জন্য কঠিন হয়ে পড়ে।
মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের ব্যাপারে গত শুক্রবার স্থানীয় মা ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকার বাসিন্দা মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ নুর নবী ফারুকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোয়ালখালি সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক আহমেদ হোসেন মানিক, ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাশ, ব্যবসায়ী মাহফুজুল ইসলাম, শুভপুর সমাজ কল্যাণ সঙ্ঘের সভাপতি কায়সার আহমেদ জুয়েল, স্বপ্ননীড় ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ আসিফ, সোনালি প্রজন্ম ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জগন্নাথ সোনাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুলাহ আল মামুন, জগন্নাথ সোনাপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম পলাশ প্রমুখ। সভায় এলাকাবাসীর দীর্ঘদিনের মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নের জন্য সরকার, জনপ্রতিনিধি ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানানো হয়।
এ ব্যাপারে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, শেখ হাসিনা সারা দেশে শিক্ষার আলো প্রজ্বলন করছেন। কাজেই ওই এলাকায় মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অনেক ছাত্রছাত্রী শিক্ষার আলো থেকে বঞ্চিত হোক সেটা আমরা কামনা করি না। ছাগলনাইয়া উপজেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সহসা একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে তিনি জানান।




