নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মনুরহাট বাজারে ৩১ জুলাই (শনিবার) রাতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আবদুল মোতালেব (২২) কে আটক করেছে র্যাব-৭।
ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারী ছাগলনাইয়ার মনুরহাটস্থ মোহাম্মদ ফারুক হোসেনের চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এসময় র্যাবের একটি দল উপস্থিত হওয়া মাত্রই এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যদের হাতে ধরা পড়ে আবদুল মোতালেব। এ সময় তার কাছ থেকে প্লাস্টিকের বস্তায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
জানা যায়, আবদুল মোতালেব ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনা ফেনাপুস্কনী গ্রামের আব্দুল হাই’র ছেলে।
আটককৃত মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন সুকৌশলে মাদকদ্রব্য কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনীর বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনীর ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।






