ডালিম হাজারী : ফেনী একটি জনবহুল শহর। ফেনী পাইলট হাই স্কুল মাঠ ছাড়া সাধারণ শিশু-কিশোরদের খেলা-ধুলা করার অন্যতম ঠিকানা ফেনী ওয়াফদা মাঠ।
এ মাঠটিই বছরের প্রায় অর্ধেক সময় দখল হয়ে থাকে বানিজ্য মেলায়। মাত্র এক মাসের জন্য বরাদ্ধ হলেও এর চেয়ে আরো বর্ধিত সময়ে চলে মেলাটি। এছাড়া মেলার স্টল তৈরী করা এবং মেলা শেষে অবকাঠামো সরাতে সময় লেগে যায় বছরের অর্ধেকটা সময় ।
স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরেই মেলাটি শেষ হলেও তাদের অবকাঠামো রয়ে যায় প্রায় সারা বছরই, যার কারণে মাঠটি ব্যবহারের অযোগ্য হয়ে যায় খেলার জন্য।
স্থানীয় পাঠান বাড়ি এলাকার এক ক্রিকেটার জানায়, ওয়াফদা মাঠটি এসএসকে রোড়, পাঠানবাড়ি, মহিফালসহ বিশাল একটি এলাকার শিশু-কিশোরদের খেলা-ধুলা করার অন্যতম স্থান। এ স্থানটি দখল হয়ে থাকায় ক্রীড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। মাঠ বছরের প্রায় সময় বানিজ্য মেলার দখলে থাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রীড়া সংগঠকদের মধ্যে।
এ ছাড়া এ মেলাটি নিয়ে ফেনীর ব্যবসায়ীদেরও রয়েছে চাপা ক্ষোভ। তারা জানায় মেলাটি ১ মাসের জন্য আয়োজন হলেও তা গড়ায় দু’মাসেরও বেশী সময়। যার কারণে ব্যবসায়ীদের ব্যবসায় পড়ে নেতিবাচক প্রভাব।
ব্যবসায়ীরা জানায়, এটি নামে বানিজ্য মেলা হলেও। এখানে বিক্রি হয় নিম্নমানের পণ্য। নকল পণ্য বিক্রি করে ঠকানো হয় ক্রেতাদের।





