ফেনী প্রতিনিধি : ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেছেন, ফেনী জেলায় সকল অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। লাইসেন্সবিহীন চালকদের কারনে দূর্ঘটনা ঘটছে। শহরে অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড দ্রুত সময়ের মধ্যে অপসারণে ফেনী পৌরসভাকে নির্দেশ দেন।
এছাড়াও ট্রাংক রোডে দোয়েল পাখির উপরে বিলবোর্ড লাগানো স্থায়ীভাবে বন্ধ করতে পৌর মেয়রকে নির্দেশ দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার (১৮ আগস্ট)জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামূল করিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভূঁইয়া, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ প্রমুখ।
জেলা প্রশাসক আরো বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী এখন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনার মধ্যে যদি কোনো বানিজ্যিক প্রতিষ্ঠান থাকে দ্রুত সরাতে হবে,না হলে ব্যবস্থা নেওয়া হবে। ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ন ও নকল ঔষধের বিরুদ্ধে অভিযান চালোনো হবে। অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ফেনী জেলায় যেসকল সরকারী প্রতিষ্ঠানের নিজস্ব কোনো ভবন নেই সে সকল প্রতিষ্ঠানের নামের তালিকা জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।
সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরকে (ফেনী অর্থনৈতিক অঞ্চল) কেন্দ্র করে সোনাগাজী মুহুরি প্রজেক্টে একটি নৌ বন্দর, ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়ক ৪ লেন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে মিনি এয়ারপোর্ট করা হবে।





