নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের দাওয়াত ও সম্মান না জানানোয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) ওপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
শুক্রবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে এসময় মুক্তিযোদ্ধাদের বাকবিতণ্ডা করতে দেখা গেছে। এর আগে অনুষ্ঠানে দেখা গিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তিসহ ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। তবে অন্যান্য বছর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা উপহার দেয়া হলেও এ বছর তা দেয়া হয়নি।
দাওয়াত ও সম্মাননা না পাওয়ায় বিক্ষুব্ধ হয়ে পড়া মুক্তিযোদ্ধাদের শান্ত করার চেষ্টা করেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন।
ফুলগাজী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর অভিযোগ করে বলেন, আগের অনুষ্ঠানগুলোতে সকল মুক্তিযোদ্ধাদের দাওয়াত ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হতো। কিন্তু এবার তা করেনি। যুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করলেও আজ অবমূল্যয়ন হতে হচ্ছে!
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য আনুষ্ঠানিক কোন চিঠি দেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের পক্ষে কাউকে ক্রেস্টও দেওয়া হয়নি।
অথচ বাইরের কিছু মানুষকে সম্মান জানিয়ে ক্রেস্ট দেওয়া হচ্ছে। এ ধরনের ন্যক্কারজনক কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম জানান, আমরা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেছি, নাস্তা ও সম্মানীর ব্যবস্থা রাখা হয়েছে।
উদযাপন অনুষ্ঠানে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কতুব উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার, সরকারি-বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, কর্মচারীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






