নিজস্ব প্রতিনিধি : ফেনীর ফুলগাজীর ইউনিয়নের নূরপুর গ্রামে ফুলগাজী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অবৈধ সংযোগের অভিযান পরিচালনা করে রবিবার রাতে অবৈধ সংযোগ ব্যবহার করার কারণে ৩টি বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন করা হয়েছে।
@প্রতীকী ছবি
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নুরপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায় ফুলগাজী পল্লী বিদ্যুতের কর্মীরা। এসময় তার দ্বীতল বাড়িতে, গরুর ফার্মে এবং বাড়ির পাশে সবজি ক্ষেতে ব্যবহৃত একটি সেচ পাম্পে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ এই অবৈধ সংযোগ ব্যবহার করে আসছেন। পুলিশের সাথে তার ভালো যোগসাজশ থাকার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খোলেনি। যাদের সাথে ছোটখাটো সমস্যা হয় তাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন হয়রানি করার অভিযোগ রয়েছে জামাল উদ্দিন’র বিরুদ্ধে।
এ বিষয়ে ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সিকান্দার আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, জিএমহাট’র জামাল উদ্দিনের বাড়িতে অবৈধ সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে এবং সেখানে জামাল উদ্দিনের নামে ১টা এবং তার বাবা রফিকুল ইসলামের নামে ২টা মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসব অবৈধ বিদ্যুৎ ব্যবহার কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, আমরা সতর্ক করে সম্ভাব্য অবৈধ বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ নির্ণয় করে তাদেরকে জরিমানা পরিশোধ করতে নির্দেশ দেয়া হবে। পরিশোধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






