নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা সদর ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে ব্যতিক্রম ধর্মী শিক্ষামূলক রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে সদর ইউনিয়ন ছাত্রলীগ।
উপজেলার সদর ইউনিয়নে মোট ৮টি স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে এই রচনা ও কুইজ প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতা। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। কুইজ ও রচনা প্রতিযোগিতা কার্যক্রমের প্রথম দিনে ফুলগাজী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ফুলগাজী দারুল উলুম দাখিল মাদ্রাসা’র প্রায় ৮০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
এ বিষয়ে ফুলগাজী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক ইউনিয়ন ছাত্রলীগের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগতম জানিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু আমাদের বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। কুইজ ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। তাদের ভিতর মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে শ্রদ্ধা ও সম্মান বোধ তৈরি হবে।

ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূরুল ইসলাম রায়হান ‘ফুলগাজী নিউজ ডটকম’কে জানান, “বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত দেশের সকল ত্যাগ-তিতিক্ষা যুদ্ধ সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের অংশগ্রহণ ছিল অনিস্বীকার্য। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে জানো এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা”।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ ও রচনা প্রতিযোগিতায় উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করা এক শিক্ষার্থী জানান, “কুইজ ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো বেশি জানতে পারবো। নিজের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারব। যারা এই রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই”।
আশা করা হচ্ছে প্রথম দিনের কার্যক্রম এর মত পরবর্তী দিনগুলোতেও অন্যান্য বিদ্যালয়ের সকল শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কুইজ ও রচনা প্রতিযোগিতায়।






