মোর্শেদঃ ১ জানুয়ারী (বুধবার) দেশব্যাপী পালন করা হয়েছে বই উৎসব। সারাদেশের মতো ফেনীর ফুলগাজী উপজেলায়ও প্রাথমিক থেকে মাধ্যমিক স্তুরের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে বিনামূল্যের নতুন চকচকে বই।নতুন বই পেয়ে আনন্দে মেতেছে ফুলগাজীর প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা। যেন সকালের সূর্য উদয়ের সাথে সাথে নতুন বইয়ের অসীম জ্ঞানের কিরণ উদিত হলো ।
বই উৎসবে সামিল হতে সকাল থেকে উপজেলার প্রতিটি স্কুলে শিক্ষার্থীরা ছুটে গেছে। সকালে ফুলগাজী, মুন্সীরহাট, আনন্দপুর, জিএমহাট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত থেকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুবউদ্দিন আহমেদ সহ উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এসময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এবার ২০২০ সালের শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে উপজেলার সবকটি মাধ্যমিক, প্রাথমিক এবং মাদ্রাসা সমুহে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।






