নিজস্ব প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী পৈথারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী জনৈক ছাত্রীকে শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা গেছে, পৈথারা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মিজানুর রহমান (৪৭) প্রকাশ মিজান বিএসসি পৈথারার স্থানীয় জনৈক ছাত্রীকে (১৭) প্রাইভেট পড়ানোর সময় দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছে।পরীক্ষায় ফেল করে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্ত শিক্ষক উক্ত ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার পাশাপাশি বাজে প্রস্তাব দেয়!
অভিযোগ পত্রে ছাত্রীটি উল্লেখ করে,প্রতিদিনের মতো গত ৮ অক্টোবর সকালে প্রাইভেট পড়ার সময় শিক্ষক শরীর ঘেঁষে বসে স্পর্শকাতর স্থানে হাত দিলে প্রতিবাদ করা হয়।কিন্তু উক্ত শিক্ষক পরীক্ষায় “ফেল” করে দেয়ার হুমকি দেয়!
প্রাইভেট পড়ানোর সময়কালে শিক্ষকের নিত্য অনৈতিক কর্মকান্ড অভিভাবককে অবহিত করেছেন বলে জানিয়েছে ভুক্তভোগী ছাত্রী।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি ফোনে বলেন,গত বৎসর এসএসসি পরীক্ষায় ফেল করার দায়ভার আমার উপর চাপাতে চায় উক্ত ছাত্রী। এ কারণে সামাজিক ভাবে সে (ছাত্রী) আমার সম্মানহানি ঘটাতে এমন অভিযোগ উত্থাপন করেছে।প্রাইভেট পড়ানোর জন্য আগ্রহী নয় জানিয়ে শিক্ষক মিজান বলেন, কিছু ছাত্রীর বারবার অনুরোধের পর প্রাইভেট পড়াতে রাজী হই।শিক্ষক মিজানুর রহমান উক্ত ছাত্রীর এমন অভিযোগ সত্য নয় বলে জানান।
এ দিকে রবিবার এ বিষয়ে ছাত্রী বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ফুলগাজী থানায় অভিযোগ দায়ের করেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ছাত্রীর অভিযোগ দায়েরের বিষয় সত্যতা নিশ্চিত করেছেন।






