ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় পৌর মেয়রের সহযোগিতায় ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্নিবার। সংগঠনটির উদ্যোগে শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে ছাগলনাইয়া বাজারের ভাসমান অসহায় মানুষদের প্রথম রোজার সেহরি করিয়েছে সংগঠনটি।
সংগঠনের সদস্যরা মধ্যরাতে বাজারের অভুক্ত অসহায় ভাসমান মানুষগুলোকে ঘুম থেকে উঠিয়ে মুখে সেহরি তুলে দেন।
ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফার আর্থিক সহযোগিতায় সামাজিক সংগঠনটি এ কর্মসূচি বাস্তবায়ন করে। রমজানের আগে আরও পাঁচ রাতে ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ করে সংগঠনটি। কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের এমন উদ্যোগ প্রশংসা করছেন স্থানীয়রা।
দুর্নিবার সভাপতি ও উদ্যোক্তা কামরুল ইসলাম রুবেল বলেন, বিত্তবানদের উচিত সমাজের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ মানবিক সংকট কাটিয়ে উঠতে সবারই সবার পাশে থাকা উচিত। স্থানীয় বিত্তবানদের সহযোগিতা পেলে দুর্নিবার পুরো রমজানেই এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চায়।
সেহরি বিতরণের এ কাজে আরও অংশ নেন টাউন ফার্মেসির আরিফুল ইসলাম টুটুল, শাহিন, রিয়াজ ও বাঁশপাডা নদীর কুল তারুণ্য সংঘের সদস্যরা।






