ইকবাল হোসেন সাব্বিরঃ-
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যুক্ত হওয়া এই দুই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন শনিবার (১৩ ফেব্রুয়ারি)।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেটার হিসেবে রাজ্জাক ও নাফীসের অবদানকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে অভিহিত করেছে কোয়াব।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্বনামধন্য ক্রিকেটার জনাব আব্দুর রাজ্জাক ও জনাব শাহরিয়ার নাফিস আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিবেন মর্মে আমাদের অবগত করেছেন।’
শনিবার দুপুর ১২টায় ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে রাজ্জাক ও নাফীস অবসরের ঘোষণা দিবেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক পেনেলে তৃতীয় নির্বাচক হিসেবে যুক্ত করা হয়েছে রাজ্জাককে। অন্যদিকে নাফীসকে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির মত গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষস্থানীয় পদে নিযুক্ত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পেশাগত খেলাকে বিদায় জানাচ্ছেন তারা।
৩৮ বছর বয়সী আব্দুর রাজ্জাক জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের মাঠে গড়ানো একমাত্র রাউন্ডে। জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অন্যদিকে ৩৫ বছর বয়সী শাহরিয়ার নাফীস জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন ২৪টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সর্বশেষ আসরে নিজের শেষ ম্যাচ খেলেছেন তিনি।





