নিজস্ব প্রতিনিধিঃ-ফুলগাজী উপজেলা দরবারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (জগতপুর) ইউপি সদস্য কামরুজ্জামানকে ভাতা কার্ড দূর্ণীতির অভিযোগ প্রমানিত হওয়ায় সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে, গত ২০ মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে ইউপি সদস্য কামরুজ্জামান স্ত্রী, পুত্র, দুই শালিকা, শুশুর ও শাশুড়ীকে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড প্রদান করার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদোসী বেগম বরখাস্তের সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত আদেশটি তিনি দরবারপুরের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করেছেন। উল্লেখ্য যে, গত ২ ফেব্রুয়ারী ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় ইউপি সদস্য কামরুজ্জামানের এই অনিয়মের সংবাদ প্রকাশিত হলে প্রশাসনসহ ফেনীর সর্বত্র আলোচনার ঝড় উঠে। পরে কার্যালয় হতে ইউপি সদস্য কামরুজ্জামানকে স্ত্রী সন্তানের নামে উত্তোলিত ভাতা ৪৮ হাজার ৩শত টাকা ফেরত চেয়ে চিঠি পাঠান। অভিযুক্ত কামরুজ্জামান ভাতা কার্ড অনিয়মের দায় স্বীকার করে উত্তোলিত টাকা ফেরত দেন।





